আড়াইহাজারে দাসিরদিয়া নেওয়াজীয়া ইসলামিয়া মাদ্রাসার ১১১তম বার্ষিক ইসলামী মাহফিল শুরু ৮ জানুয়ারি 

172
ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: হুমায়ূন কবির সাদী
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসীরদিয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দাসিরদিয়া নেওয়াজীয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ১১১তম ঐতিহাসিক বার্ষিক ইসলামী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৬, দুই দিনব্যাপী এ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাহফিলকে কেন্দ্র করে দাসিরদিয়া এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঈদের আনন্দের মতোই ঘরে ঘরে চলছে প্রস্তুতি—মেহমানদারি, দাওয়াত ও নানা আয়োজন।
প্রতিবছরের ন্যায় এবছরও দাসিরদিয়া নেওয়াজীয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিল এলাকাবাসীর জন্য ধর্মীয় আবহ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। মাহফিল প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম উদ্বোধন করা হবে। পরে দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরাম ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা, সমাজ সংস্কার এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন।
মাহফিলের শেষ দিন বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং ইসলামী শিক্ষার প্রসারে এ ধরনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের দ্বীনি আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।