বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দশটি গ্রাম সমন্বিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নবযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় উদয়দী, বারআনী, আতাদী, সরাবদী, রাইনাদী, দরিয়াবাদ, বড়ইকান্দী, পাড়ামনোহরদী, ধন্দী এবং মুন্সীপুর গ্রামের বাসিন্দারা অংশ নেন।
সভায় গ্রামের যুবসমাজ, অভিভাবক, স্কুলশিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সমাজসেবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলী।
তিনি বলেন, “মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।”
বক্তারা মাদক প্রতিরোধে পারিবারিক নজরদারি, সামাজিক সহযোগিতা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করতে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান—সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
নবযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মাদককে না বলি—জীবনকে ভালোবাসি” স্লোগান সামনে রেখে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শপথ গ্রহণ করেন।
আড়াইহাজারে দশ গ্রাম সমন্বিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে ফলো করুন



