নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলায় এক দম্পতির মধ্যে তীব্র দাম্পত্য কলহের ঘটনা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। স্বামী-স্ত্রীর মধ্যে চলমান মতবিরোধ বিচ্ছেদ পর্যন্ত গড়ালে স্ত্রী পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়।
বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অত্যন্ত দক্ষতা ও মানবিকতা দিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর, ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং উভয়েই সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিবারের আর্থিক স্বচ্ছলতা এবং নারীর আত্মনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মজীবী নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তিনি ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের উন্নয়নে অবদান রাখতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “রূপগঞ্জ উপজেলা প্রশাসন সবসময় পারিবারিক ও সামাজিক শান্তি বজায় রাখতে সচেষ্ট। যেকোনো সংকটময় মুহূর্তে আমরা সাধারণ মানুষের পাশে আছি ও থাকবো।”
এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনছে প্রশাসনের প্রতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



