বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় উপজেলার সাদিপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গাছের ঝোপের ভেতরে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মহাসড়কের পাশ দিয়ে পথচারীরা যাওয়ার সময় প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৩৫ হবে। তার গায়ের রং ফর্সা ও পরনে বেগুনি কালারের সালোয়ার কামিজ ছিল।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে পরে দুর্বৃত্তরা মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মহাসড়কের পাশে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে হত্যাকারী সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের কাজ চলছে।



