সোনারগাঁওয়ে সাবেক চেয়ারম্যান মাসুম গ্রেপ্তার

221
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগী ছিলেন। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

সোমবার সকালে সৌদি আরবে হজ্বে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আশকোনা হজ্ব ক্যাম্পে নিয়ে রাখেন। সেখান থেকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কাঁচপুরে নিহত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।