বিশেষ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহীনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।”
পরে ইউএনও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।



