স্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ৮ টি পিস্তল, ৯ টি ম্যাগাজিন ও ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি প্রেস রিলিজের মাধ্যমে অস্ত্র ও গুলি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর আদমজীনগর এএসপি মিডিয়া অফিসার সনদ বড়ূয়া।
তিনি বলেন, ৫ আগস্ট সরকার পদত্যগের পর ছাত্র জনতা যখন বিজয় উল্লাস করতেছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী সারা দেশের বিভিন্ন থানায় হামলাও ভাঙচুর অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় ওই দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর, আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা টিম থানা হতে সরকারি সম্পদ উদ্ধারের জন্য অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে আড়াইহাজার পৌরসভা এলাকায় অবস্থিত পরিত্যক্ত একটি পুকুর হতে ৮টি পিস্তল, ৯ টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে সচল ও ক্ষতিগ্রস্থ এখনো নির্ধারণ করা হয়নি।



