বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।
এর আগে ৭ জুলাই রাতে ০৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দির বাড়ির ভিতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন পপি সারোয়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ০৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার সহ বিভিন্ন ব্রান্ডের মোট ০৩টি হাত ঘড়ি লুন্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রোববার রাতে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দুপ্তারা কুমারপাড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে রাসেল মিয়া (৩৫), একই গ্রামের মোক্তারের ছেলে জুয়েল মিয়া (২২), মৃত মিয়াহ উদ্দিনের ছেলে কালিমুল্লাহ (৩২), মোতাহার মিয়ার ছেলে নাঈম (২৭),রহিমের ছেলে রাসেল মিয়া (২৯),নাছির ভুইয়ার ছেল শান্ত (২১), পাটাই খাঁ ভুলতা এলাকার ফিরোজ মৃধার ছেলে শাকিল মুখা (২৫) সত্যবান্দির মৃত আবেদ আলী ভুইয়ার ছেলে নাদিম (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের নামে পূর্বে ডাকাতি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে আড়াইহাজার থানার ওসি তদন্ত হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



