বিআরটি এর চেয়ারম্যান হলেন আড়াইহাজারের কৃতি সন্তান গৌতম চন্দ্র পাল

380
ফেসবুকে ফলো করুন

মাসুম বিল্লাহ : গৌতম চন্দ্র পাল। একজন তুখোর মেধাবী ও সফল মানুষ। অত্যন্ত বিনয়ী ও নম্রভদ্র হিসেবে সবাই তাঁকে পরম শ্রদ্ধার চোখে দেখে। সাফল্যের দীর্ঘযাত্রায় অহমিকা বোধের লেশমাত্র যাকে স্পর্শ করতে পারেনি। স্বীয় মেধা ও কর্মদক্ষতায় সাফল্যের চূড়ায় উঠেছেন। প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কৃতিসন্তান গৌতম চন্দ্র পাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন। এর আগে তিনি সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়ের একান্ত সচিব হিসেবে দীর্ঘ ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন । রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে। বর্তমানে বিআরটিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নুর মোহাম্মদ মজুমদার। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়েছেন। তার স্থলাভিষিক্ত হলেন গৌতম চন্দ্র পাল।
এদিকে, বিআরটিএ এর চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করায় তাঁর গ্রামের বাড়ি আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের রাইনাদি গ্রামে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তাছাড়া জনপ্রতিনিধি থেকে শুরু করে আড়াইহাজার সদরের সুধীমহল গৌতম চন্দ্র পালের প্রশংসায় পঞ্চমুখ। কয়েকজন প্রবীণ ব্যক্তি বেশ স্বস্তি প্রকাশ করে বলেন, এই হল রত্ন। আসল রত্ন। কিভাবে নিজের কর্ম দিয়ে আড়াইহাজারবাসীর মুখ উজ্জ্বল করেছে। গৌতম চন্দ্র পালের জন্য আমরা দোয়া করি। সে সাথে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। গৌতম চন্দ্র পালের মত মেধাবীরা আমাদের আড়াইহাজার উপজেলাকে আলোকিত ও গৌরবময় করে তুলছে। তিনি আমাদের প্রাত:স্মরণীয় হয়ে থাকবেন।
জানাগেছে, আড়াইহাজার উপজেলার রাইনাদি গ্রামের বাসিন্দা গৌতম চন্দ্র পাল এসএসসি পাশ করেন সুলতানসাদী উচ্চ বিদ্যালয় থেকে। ছাত্রজীবনে প্রচন্ড মেধাবী ছিলেন। অত্যন্ত বিনীয় ও ভদ্র হিসেবেও তাকে সবাই সমীহ করতো। এইচএসসি পাশ করেন সরকারি সফল আলী কলেজ থেকে। এরপর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে গণিতে অনার্স মাস্টার্স করেন। ১৯৯৯ সালে ১৮ তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে ম্যাজিস্ট্রেট হয়ে যোগ দেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
রাজশাহীতে সুনামের সাথে কাজ করেন গৌতম চন্দ্র পাল। রাজশাহী থেকে কুড়িগ্রাম জেলাতেও ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। মিষ্টভাষি ও মেধাবী মানুষ প্রচন্ড পরিশ্রম করে ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। আর পিছে তাকাতে হয়নি এই তুমুল মেধাবী মানুষটিকে। নেত্রকোনা জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলাতেও ইউএনও হিসেবে বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
পরিশ্রমী মানুষটি ধারাবাহিক সাফল্যের পথ পাড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। মাগুরা জেলায় যোগদান করেন এডিসি হিসেবে। মাগুরার পর যোগদান করেন টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলায় স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক হিসেবে কাজ করেন। এরপর গাইবান্দা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন বেশ সুনামের সাথে। দক্ষতা ও পরিশ্রমের জন্য আবারো পদোন্নতি। এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অথরীটি এর পরিচালক পদে যোগদান করেন। পরে মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র দুইমাস আগে অতিরিক্ত সচিব হিসেবে প্রমোশন পান । সর্বশেষ গত ২৪ জুন বিআরটিএ এর চেয়ারম্যান হলেন।
জনাব গৌতম চন্দ্র পাল  নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। তিনি কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। নারায়ণগঞ্জ অফিসার্স ফোরাম  এর সহ-সভাপতি। ১৮ তম বিসিএস ক্যাডারদের সংগঠন ‘সুহৃদ ১৮’ এর সাধারণ সম্পাদক। সরকারি সফর আলী কলেজ এর শিক্ষার্থীদের সংগঠন ‘অভিযাত্রিক ৯০’ এর সভাপতি। ঢাকা বিশ^বিদ্যালয় গণিত সমিতির সহ-সভাপতি। নারায়ণগঞ্জের চাকুরিজীবী সমিতির উপদেষ্টা। তিনি সকলের দোয়া চান।