মাসুম বিল্লাহ: রোববার ছিল অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শেষ দিনে চেয়ারম্যান পদে ৯জন , ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সহাকারী রিটানিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আমাদের আড়াইহাজারকে জানান, চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলার চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ খুরশিদ আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহবুবের রহমান রোমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আজাদ খান সোহাগ, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, দুপ্তারা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও খাগকান্দা এলাকার বাসিন্দা জাহেদুল হক মোল্লা । ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহিদা মোশারফ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ আমাদের আড়াইহাজারকে জানান, তবে মহিলা ভাইস চেয়ারম্যান ১জন মনোনয়নপত্র দাখিল করায় একমাত্র প্রার্থী শাহিদা মোশাররফ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে। প্রার্থীরা সবাই আওয়ামীলীগ সমর্থিত । এখানে বিএনপি বা জামাতের কোন প্রার্থী নেই।
জানা গেছে, গত ২ এপ্রিল আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলে বলা হয়েছে, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণের তারিখ ২১ মে। ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এবার ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ আমাদের আড়াইহাজারকে আরও জানান, এবারের উপজেলা নির্বাচনে নতুন করে ২২টি কেন্দ্র বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজারে মোট ভোট কেন্দ্র ছিল ১১৭ টি। এবার ২২টি বেড়ে মোট কেন্দ্র হয়েছে ১৩৯টি। এর আগের উপজেলা নির্বাচনে কেন্দ্র ছিল ১১৩টি। মোট ভোটকক্ষ (বুথ) ৯১৯টি।
সূত্রটি আরো জানিয়েছে, আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৫১৫ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।



