স্টাফ রিপোর্টার: বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট কৃষক আড়াইহাজার উদ্ভাবনী প্রকল্পের অংশীজন অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ নবনির্বাচিত হুইপ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো:ইশতিয়াক আহমেদ , উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস। কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসান রাজু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাবু বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের বহুমূখী প্রচেষ্টার ফলে বাংলাদেশ কৃষিতে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের সাথে স্মার্ট কৃষি সেক্টর গড়ে তোলা এবং স্মার্ট আড়াইহাজার গড়ে তোলার জন্য স্মার্ট কৃষক আড়াইহাজার উদ্ভাবনী প্রকল্প অনন্য নিদর্শক হিসাবে কাজ করবে। তিনি আরও বলেন,ভিশন ২০৪১ বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কৃষি ও কৃষকের স্মার্ট হওয়ার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণ স্মার্ট কৃষি কেবলমাত্র কৃষি যন্ত্রপাতি নির্ভর নয় বলে মন্তব্য করেন। স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত ফসলের সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে। এতে কৃষক সরাসরি ভোক্তাপর্যায়ে পণ্য সরবরাহ করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ফেলতে পারে। এতে কৃষক যেমন লাভবান হতে পারে তেমনি ভোক্তারাও স্বল্পমূলে সঠিক পণ্য ক্রয় করতে পারে। এই ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি একটি নিরাপদ সমাধান হতে পারে বলে উল্লেখ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদের সচিব, কৃষক প্রতিনিধি, মৎস্য চাষী, গবাদি পশুর খামারী, বিসিআইসি ও বি এ ডি সি সার ডিলার, ও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



