স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাঘপাড়া এলাকায় একটি বাসায় আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তারা এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম
বুধবার (২৪ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ দগ্ধদের মধ্যে রহিমার অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৪৫ ভাগই পুড়ে গেছে তার। দগ্ধ রহিমাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
ওই পরিবারের অন্যান্য দগ্ধদের পরিচয়- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাত আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১) ও রহিমার মেয়ে ঋতু (১৩)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘গত বুধবার মধ্যরাতে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে রহিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউয়ে নেওয়া হয়েছে। এছাড়া সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাত আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।’



