অনলাইন ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন স্বামী আবু ছায়েদ (৭০)। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্রেইন স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী মোহসেনা খাতুন। তার চার ঘণ্টা পর ১০টা ৩০ মিনিটে স্বামী আবু সায়েদ নিজ বাড়িতে মারা যান।
মৃত আবু ছায়েদ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির বাসিন্দা।
জানা গেছে, আবু ছায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু ছায়েদকে বাড়িতে পাঠালে চিন্তায় পড়ে যান স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় স্ট্রোক করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর ঠিক চার ঘণ্টা পর রাত ১০টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মারা যান স্বামী আবু ছায়েদ।
তাদের বড় ছেলে মো. শাহাজাহান বলেন, ‘আমার বাবা ফুসফুস ক্যান্সার আক্রান্ত ছিলেন। মা পুরোপুরি সুস্থ ছিলেন। বাবার আগেই মা মারা যান। সকালে জানাজা শেষে আমাদের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।’
চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’



